রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীদের সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল। অভিযোগকারী চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন—দুর্গাপুর উপজেলার কিসতমগংকইর ইউনিয়নের আকবর হোসেন ও আবুল কালাম আজাদ, পানানগরের ফরহাদ হোসেন, দেলুয়াবাড়ির শাহীনুর রহমান, ঝুলুকার মোজাহার আলী ও ইমরান আলী এবং মারিয়ার আবদুল লতিফ মৃধা। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আব্দুল ওয়াদুদ যাঁদের সমর্থন দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নির্বাচন না করার জন্য তিনি আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে পরিচিত অন্য সব পদপ্রার্থীর কাছ থেকে অঙ্গীকার নেন। এ ছাড়া তিনি তাঁদের প্রত্যেকের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও নেন। অভিযোগকারী চেয়ারম্যান পদপ্রার্থীরা বলেন, প্রথমে সাংসদের সিদ্ধান্ত মেনে নিয়ে তাঁরা দলের সমর্থন পাওয়া প্রার্থীকে সমর্থন করেছিলেন। কিন্তু যখন জানতে পারলেন, সাংসদ অর্থের বিনিময়ে দলীয় সমর্থন দিয়েছেন, তখন তাঁরা সাংসদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। তাঁদের অভিযোগ, সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সাংসদ এখন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। এ অববস্থায় চেয়ারম্যান পদপ্রার্থীরা সশরীরে উপস্থিত না হলে শুধু স্বাক্ষর দেখে তাঁদের প্রার্থিতা যাতে প্রত্যাহার করা না হয়, সে জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে আবেদন জানান। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আব্দুল ওয়াদুদ বিভিন্ন ইউপির প্রার্থী ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ ছাড়া তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিচ্ছেন।এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য আব্দুল ওয়াদুদের মুঠোফোনে গতকাল বিকেলে বারবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।