সাংসদ কায়সারের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতারা। গত বুধবার থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই অভিযোগ তুলে সাংসদকে শোধরানোর জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে তাঁর বাসায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সহসভাপতি সাদেকুর রহমান, রিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা বাবুল আক্তার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালিব, কৃষক লীগের নেতা আবদুল আলী, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আবদুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক, মহিলা লীগের নেত্রী মনোআরা বেগম।সভায় উপস্থিত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভার আলোচনায় নেতারা বলেন, সাংসদ আবদুল্লাহ আল কায়সার দলীয় সাংসদ হয়েও দলের নেতা-কর্মীদের মূল্যায়ন করেন না। এলাকার সামাজিক অনুষ্ঠানে তিনি যোগ দেন না। ফোন করলেও ফোন ধরেন না। অথচ সন্ত্রাসীরা দাওয়াত দিলে তিনি সেখানে যান।সভায় সাংসদকে দুঃখ প্রকাশ করে অতীতের সব ভুলত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে তিনি নিজেকে শুধরে না নিলে তাঁর বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করা হবে।সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া। এ ব্যাপারে সাংসদ আবদুল্লাহ আল কায়সারের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।