স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘গফরগাঁওয়ের ঘটনা তদন্তের অপেক্ষা রাখে। কী পরিস্থিতিতে একজন সাংসদ তাঁর লাইসেন্স করা অস্ত্র বের করে গুলি করলেন, তা বিশ্লেষণ করা দরকার।’গতকাল রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আত্মরক্ষার জন্য একজনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। তিনি সেটি কোন প্রেক্ষাপটে ব্যবহার করেছেন, তা তদন্তের প্রয়োজন আছে।’প্রতিমন্ত্রী বলেন, বিগত বিএনপি জোট সরকার ২০০২ সালের ২৪ মার্চ আওয়ামী লীগের গণ-অনশন কর্মসূচি পুলিশ দিয়ে ভণ্ডুল করলেও তারা শান্তিপূর্ণভাবে গণ-অনশন করার সুযোগ পেয়েছে।প্রতিমন্ত্রী বলেন, চারদলীয় জোট সেদিন পুলিশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করেছিল। আজ একই পুলিশ রাষ্ট্রীয় প্রভাবমুক্ত হয়ে বিএনপির আজকের গণ-অনশনে নিরাপত্তা দিচ্ছে। এটাই হলো একটি গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য।বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করে উল্লেখ করে শামসুল হক বলেন, ‘বিরোধী দল যখন হঠকারী, নাশকতামূলক, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও জানমালের ওপর হামলা চালায়; তখনই কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে থাকে।’ বাসস।