সাংসদ কুদ্দুসের বিরুদ্ধে নানা অভিযোগ
আওয়ামী লীগের নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীকে হত্যার চেষ্টা এবং তাঁর কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের মদদ রয়েছে। আওয়ামী লীগের গুরুদাসপুর উপজেলা ও পৌর শাখার একাংশের নেতারা গত শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
আওয়ামী লীগের উপজেলা শাখার চাঁচকৈড় বাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর উপজেলার চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহামঞ্চদ আলী। লিখিত বক্তব্য পাঠ করেন শাহনেওয়াজ আলী। উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, আবদুল বারী, হেলাল উদ্দিন, আনিসুর রহমান মোল্লা, সামছুল হক শেখ, প্রশান্ত সরকার, আরিফুল ইসলাম, ইউসুফ আলী মোল্লা, রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবাদ সমেঞ্চলনে দাবি করা হয়, উপজেলার ধারাবারিষা গ্রামে সাংসদ আবদুল কুদ্দুসের মদদে চেয়ারম্যান আবদুল মতিন ও তাঁর বড় ভাই আবদুল মজিদ ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁদের সন্ত্রাসী বাহিনী শাহনেওয়াজ আলীর ২০ জন কর্মী-সমর্থককে মারধর ও তাঁদের বাড়িঘর ভাঙচুর করেছে। খোঁজ নিতে যাওয়ায় গত ১৫ মে মেয়রসহ পাঁচজনকে হত্যার চেষ্টা করা হয়। এসব ঘটনায় পাঁচটি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অপর দিকে পুলিশ সাংসদের পক্ষ নিয়ে কাজ করছে।
তবে উল্টো অভিযোগ করে আবদুল মজিদ বলেন, শাহনেওয়াজ আলীর ভাগনে ও আওয়ামী লীগের ধারাবারিষা ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন সরকারের নেতৃত্বে আহাদ আলী ও মুক্তার হোসেন এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে। তাঁদের অপকর্ম ঢাকতে গিয়ে মেয়র এলাকায় জনরোষের শিকার হন। তিনি বা তাঁর পরিবারের কেউ এসব ঘটনার সঙ্গে জড়িত নন।
সাংসদ আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, তিনি সন্ত্রাসীদের প্রশ্রয় দেন না। অভিযোগকারীরাই নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাঁদের অনৈতিক কর্মকাণ্ড সমর্থন না করায় দলের কতিপয় নেতা-কর্মী তাঁর বিপক্ষে অবস্থান নিয়ে বিষোদ্গার করছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ কোনো গোষ্ঠীকে সমর্থন করে না। শান্তি রক্ষায় কাজ করে। এতে কেউ কষ্ট পেলে পুলিশের কিছু করার থাকে না।