সাংসদ গাজী ইসহাক হোসেনের ইন্তেকাল
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। পরের দিন মঙ্গলবার বেলা দুইটায় জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় রায়গঞ্জের বাঁকাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ হাসিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংসদ ইসহাকের মৃত্যুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরাজ গভীর শোক প্রকাশ করেছেন।