সাংসদ গাজীর প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুনে এলাকায় স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের প্রতিষ্ঠানের জন্য প্রায় পাঁচ একর জমি অধিগ্রহণের নোটিশ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাঁদমারীতে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাহাদী হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি সঞ্চারকলিপি দেন।জমি অধিগ্রহণের নোটিশ পাওয়া কৃষকদের মধ্যে জুলহাস মিয়া, সামছুল হক, জাহাঙ্গীর আলম, নাসিরউদ্দিন, আবু বক্কর, মোবারক হোসেন ভূঁইয়া, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। মানববন্ধন পালনকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোলাম দস্তগীর সরকারদলীয় সাংসদ হওয়ায় প্রভাব খাটিয়ে জেলা প্রশাসনের সহায়তায় তাঁর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য খাদুন মৌজায় কৃষক ও বাসিন্দাদের প্রায় পাঁচ একর জমি অধিগ্রহণের নামে দখলের চেষ্টা চালাচ্ছেন। ওই সব জমিতে বসতঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, খামার, কবরস্থান ও তার আশপাশে স্কুল-কলেজ আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণের নোটিশ দেওয়ার পরপরই ড্রেজিংয়ের মাধ্যমে জমিতে বালু ভরাট করা হচ্ছে। পানি নিষ্কাশনের পথ ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার জমির মালিকেরা। এ ছাড়া পুলিশ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে।বক্তারা আরও বলেন, এই ভূমি অধিগ্রহণ করা হলে ভিটেমাটি হারা হবে ৩৫টি পরিবার। জমি অধিগ্রহণ বন্ধ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা। এ ছাড়া, তাঁরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এর আগে ১ জুলাই এলাকাবাসী জমি অধিগ্রহণের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন।