সাংসদ গোলাম রাব্বানীকে বহিষ্কারে কেন্দ্রে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেওয়ার অভিযোগে শিবগঞ্জ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, সাবেক সভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি জিয়ার রহমান প্রমুখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থী হওয়া ও সমর্থন দেওয়ার মধ্য দিয়ে ওই তিনজন নেতা প্রার্থী মনোনয়নে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অবজ্ঞা করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এসব কারণে তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জানতে চাইলে সাংসদ গোলাম রাব্বানী বলেন, ‘ব্যক্তিগত বিদ্বেষ ও তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে আমার জনপ্রিয়তায় ঈর্ষাপরায়ণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁদের নেই। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির কোনো সভা ছাড়াই আমাকে সাময়িক বহিষ্কার করে। ওই সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়নি। এখন আবার উদ্দেশ্যমূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বানী বলেন, ‘২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পল্লী বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগ, পর্যটন মোটেলের ছাদ থেকে ফেলে একজন নির্বাহী প্রকৌশলীকে হত্যাসহ জামায়াত-বিএনপি তাণ্ডব চালায়। এরপর প্রকাশ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার মতো আওয়ামী লীগের লোকজনকে খুঁজে পাওয়া যেত না। অধিকাংশ নেতাই গা ঢাকা দিয়েছিলেন। বিদ্যুৎকেন্দ্রে আগুন দেওয়ার পর তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হকও এলাকায় এসে স্থানীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়াননি। তখন আওয়ামী লীগে যোগ দেওয়ার পর আমি সে অবস্থা থেকে দলকে ফিরিয়ে নিয়ে এসেছি। সন্ত্রাসের জনপদ শিবগঞ্জকে শান্তির জনপদে নিয়ে এসেছি। তখন থেকেই দলের একশ্রেণির নেতা ঈর্ষাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।’ তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌর নির্বাচনে কারিবুল হকের প্রতি তৃণমূলের সমর্থন ছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা সেই সমর্থন ব্যক্ত করেন। এ ছাড়া তিনি জামায়াত-বিএনপির তাণ্ডবে মারাত্মকভাবে আহত হওয়ার পরও দলের জন্য কাজ করে গেছেন। পৌর এলাকায় আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। এসব বিবেচনা থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে শক্ত অবস্থান নেন। এ জন্য তাঁদের এই সিদ্ধান্ত তিনি জেলা কমিটির কাছে পাঠিয়েছিলেন। কিন্তু জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সাধারণ সম্পাদক সাংসদ আবদুল ওদুদের সেটা পছন্দ হয়নি। তাঁরা তৃণমূলের নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে ভুল লোককে মনোনয়ন দেন এবং নির্বাচনে সেই প্রার্থী সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারান। জেলার সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তের প্রতি ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীদের সিংহভাগের সমর্থন নিয়েই কারিবুল হক নির্বাচনে বিজয়ী হন। তিনি সমর্থন দেননি। অন্যদিকে, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থনে প্রকাশ্য গণসংযোগ করেননি। এতে তাঁরা তাঁর প্রতি ক্ষিপ্ত হন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।