সাংসদ গোলাম সবুরের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল গোলাম সবুরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ষ ছবি: বাসস
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল গোলাম সবুরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ষ ছবি: বাসস

সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের সাংসদ গোলাম সবুরকে (৫৮) গতকাল শনিবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ঢাকা ও তাঁর নির্বাচনী এলাকা পাথরঘাটায় চার দফা জানাজা অনুষ্ঠিত হয়।গতকাল সকাল সাড়ে সাতটায় সাভারের গেন্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠান মধুমতি সিরামিকস ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে গোলাম সবুরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মধুমতি সিরামিকস ও অপসোনিন কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গোলাম সবুরের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংসদেরা অংশ নেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী গোলাম সবুরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়।ঢাকায় তিন দফা জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারে করে গোলাম সবুরের মরদেহ বরগুনার পাথরঘাটায় নেওয়া হয়। সেখানে স্থানীয় কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা আড়াইটায় তাঁর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। বেলা পৌনে তিনটার দিকে মরদেহ নিয়ে ফের ঢাকা রওনা দেয় হেলিকপ্টারটি। বিকেল সাড়ে পাঁচটার দিকে বনানী কবরস্থানে গোলাম সবুরের মরদেহ দাফন করা হয়। গোলাম সবুরের মৃত্যুতে বামনা, বেতাগী ও পাথরঘাটায় তিন দিনের শোক পালনের কর্মসূচি নিয়েছে স্থানীয় প্রশাসন। বরগুনা প্রেসক্লাবও পৃথকভাবে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে। গত শুক্রবার পাথরঘাটা থেকে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান সাংসদ গোলাম সবুর।

এফবিসিসিআইয়ের শোক: সাংসদ গোলাম সবুরের মৃত্যুতে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সহসভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী ও মো. হেলাল উদ্দিনসহ পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছে।

তদন্ত কমিটি: আমাদের ফরিদপুর অফিস জানায়, সড়ক দুর্ঘটনায় সাংসদ গোলাম সবুরের মৃত্যুর ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা গতকাল দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।