সাংসদ-চেয়ারম্যান দ্বন্দ্বে বিদ্যালয়ে নিয়োগ বন্ধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষক-সংকটের কারণে ছয়জন নিয়মিত শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান চালানো হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ কারণে বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত হচ্ছে।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৭টি শাখা রয়েছে। এসব শাখায় এখন শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩৫০। শিক্ষক কর্মরত ছিলেন ২৩ জন। এর মধ্যে ২০০৪ সাল থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ জন অবসর নেন। এখন প্রধান শিক্ষকসহ এমপিওভুক্ত শিক্ষক আছেন ছয়জন।গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া গ্রামের অভিভাবক মিলন সরকার জানান, পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদের মধ্যে দ্বন্দ্বের কারণে শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া থেমে আছে।প্রধান শিক্ষক কামরুল ইসলাম জানান, পরিচালনা কমিটি নিয়ে মামলা ও দ্বন্দ্বের কারণে নতুন শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়নি। ১৮ জনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের বেতন-ভাতা বিদ্যালয়ের আয় থেকে দেওয়া হচ্ছে। পাঠদানে কোনো সমস্যা হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে দশম শ্রেণীর এক ছাত্র জানায়, শিক্ষক-সংকটের কারণে তাদের নিয়মিত ক্লাস হচ্ছে না।উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পরিচালনা পর্ষদের সদস্যরা গত বছরের ২২ এপ্রিল আমাকে সভাপতি মনোনীত করেন। কিন্তু সাংসদ নিজে সভাপতি হওয়ার জন্য ১৯ এপ্রিল প্রধান শিক্ষক ও শিক্ষা বোর্ড বরাবরে পৃথক দুটি পত্র (ডিও লেটার) দেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন না থাকায় সাংসদ সভাপতি হতে পারেননি।’ তাঁকে সভাপতি করে গঠন করা কমিটি অনুমোদনের জন্য ২৬ এপ্রিল দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঠানো হয়। এরপর বোর্ড কমিটি অনুমোদন না দিয়ে ১২ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি করে কমিটির অনুমোদন দেয়। পরে তিনি উচ্চ আদালতে রিট করলে আদালত কমিটির কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক-প্রক্রিয়ায় কমিটি নির্বাচিত হলেও সাংসদ ওই কমিটির সভাপতি হতে না পেরে এসব জটিলতা সৃষ্টি করেন। এ কারণে লেখাপড়া ব্যাহত হচ্ছে।মনোয়ার চৌধুরী জানান, উপজেলা চেয়ারম্যান তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকার পরও প্রভাব খাটিয়ে এই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন। বোর্ডের পরিপত্র অনুযায়ী একজন ব্যক্তি দুটির বেশি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন না। তাই বোর্ড উপজেলা চেয়ারম্যানকে সভাপতি হিসেবে অনুমোদন না দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি করে কমিটি অনুমোদন দেয়। এতে উপজেলা চেয়ারম্যান রিট করেন। এ কারণে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়মিত কমিটি গঠন ও শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। তিনি আরও জানান, এর আগেও দীর্ঘদিন অস্থায়ী (অ্যাডহক) কমিটি থাকায় শিক্ষক নিয়োগ করা যায়নি।