সাংসদ-চেয়ারম্যানকে সতর্ক করলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে বিএনপির সাংসদ এ কে এম হাফিজুর রহমান এবং একই দলের নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলমকে সতর্ক করে দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীদের পক্ষ অবলম্বন করায় গতকাল রোববার তাঁদের সতর্ক করে দেওয়া হয়। নির্বাচনী আচরণবিধি অনুসারে কাজ না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জেলা প্রশাসক তাঁদের জানিয়ে দেন।গতকাল রোববার প্রথম আলোয় ‘বিএনপির সাংসদ-উপজেলা চেয়ারম্যান মুখোমুখি!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে। নির্বাচন কমিশন বিষয়টি অবহিত হয়ে জেলা প্রশাসককে নির্দেশ দেন তাঁদের দুজনকে কঠোরভাবে সতর্ক করে দিতে।যোগাযোগ করা হলে উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, জেলা প্রশাসক নির্বাচন কমিশনের নির্দেশনাটি অবহিত করেছেন। সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, ‘জেলা প্রশাসক প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে আমাকে ফোন করেছিলেন। জেলা প্রশাসককে জানিয়েছি, কোনোভাবেই আমাকে দিয়ে আচরণবিধি ভঙ্গ হবে না।’