বিএনপির নেতা জাকির হোসেন হত্যা মামলা থেকে নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহমেদসহ আওয়ামী লীগের ৮৫ জন নেতা-কর্মীকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সিংড়া থানার পুলিশ গত রোববার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ প্রতিবেদন জমা দেয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মঞ্জুর আলম জানান, গত ৫ মে রাজশাহীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন নিহত হন। এ ঘটনায় তাঁর ভাই বুলু মিয়া সাংসদ জুনাইদ আহমেদসহ সিংড়া আওয়ামী লীগের ৮৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। তদন্তে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ কারণে ওই মামলা থেকে তাঁদের অব্যাহতি চেয়ে তিনি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। তবে আদালত ওই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। বাদী বুলু মিয়া বলেন, ‘আমরা তদন্তকারী কর্মকর্তাকে ঘটনার সাক্ষ্য দিয়েছি। তার পরও তিনি কীভাবে চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেন, আমার জানা নাই। তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন।’