সাংসদ তাপসকে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
ঢাকার আওয়ামী লীগদলীয় সাংসদ শেখ ফজলে নুর তাপসকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নগরের খুলশী এলাকা থেকে গতকাল সোমবার ভোররাত চারটার দিকে সোহেল রানা (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও সাতটি সিম উদ্ধার করা হয়। সোহেল রানার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায়। তিনি পুরোনো জাহাজের যন্ত্রাংশের ব্যবসায়ী এবং খুলশী থানা এলাকায় থাকেন বলে জানা গেছে। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সোহেল রানা সাংসদ ফজলে নুর তাপসকে বেশ কয়েকবার ফোন করেন। পাশাপাশি মোবাইলে অশ্লীল ভাষায় বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করেন। গ্রেপ্তারের পর সোহেল সাংসদ তাপসকে হত্যার হুমকি দিয়ে ফোন করা ও বার্তা পাঠানোর কথা স্বীকার করেন। হুমকি দেওয়ার কারণ বের করতে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি।’গতকাল র্যাবের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, ‘সাংসদ তাপসের বক্তব্য তাঁর পঙ্গু এক ভাইকে আকৃষ্ট করে। এ কারণে তাঁর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাঁকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু সাংসদ তাপস ফোন ধরতেন না। তাই পরে অশ্লীল ভাষায় মেসেজ পাঠানো হয়।’ কীভাবে ফোন নম্বর সংগ্রহ করা হলো, সে ব্যাপারে সোহেল সদুত্তর দিতে পারেননি। র্যাবের সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, সাংসদ ফজলে নুর তাপসসহ আরও কয়েকজন বিশিষ্ট নাগরিককে সোহেল হুমকি দেন। এ ব্যাপারে তদন্ত চলছে।