নোয়াখালীর সেনবাগে সাংসদ-তৃণমূল দ্বন্দ্বের কারণেই উপজেলা নির্বাচনে অনেকটা নিশ্চিত জয়ের সুযোগ আওয়ামী লীগের হাতছাড়া হয়েছে। এ নিয়ে তৃণমূল পর্যায়ে দলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
তাঁদের ভাষ্যমতে, নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত দুই প্রার্থী শক্ত অবস্থানে থাকায় আওয়ামী লীগের সামনে এবার জয়লাভের সুযোগ এসেছিল। কিন্তু সাংসদ-সমর্থিত ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে কিছু নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করেন। আর এতেই সর্বনাশটা হয়েছে দলের।
নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল-মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম ওরফে লায়ন মানিক পেয়েছেন ২৬ হাজার ২০৭ ভোট। সাংসদ-সমর্থিত ‘বিদ্রোহী’ প্রার্থী গোলাম মোস্তফা চৌধুরী ওরফে ভিপি মোস্তফা পেয়েছেন নয় হাজার ১৩১ ভোট। এই দুই প্রার্থী মোট ভোট পেয়েছেন ৩৫ হাজার ৩৩৮ ভোট। আর বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কামাল আজাদ বিজয়ী হয়েছেন এই দুই প্রার্থীর চেয়ে এক হাজার ৬৬৩ ভোট বেশি পেয়ে।
দলীয় সূত্র জানায়, সাংসদ মোরশেদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) উপজেলা নেতাদের পাশ কাটিয়ে সরাসরি তাঁর আত্মীয় গোলাম মোস্তফার পক্ষে অবস্থান নেন। তিনি তাঁকে দলের প্রার্থী হিসেবে ঘোষণার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেন। এ খবরে ক্ষুব্ধ হয়ে উপজেলা কমিটিকে তৃণমূলের নেতারা বৈঠক ডাকতে এবং জাহাঙ্গীর আলমকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করতে বাধ্য করেন। সর্বশেষ গত ৩ মার্চ কেন্দ্র থেকেও জাহাঙ্গীর আলমকে দলীয় সমর্থন দেওয়া হয়। কিন্তু সাংসদ তাঁর সমর্থিত প্রার্থীর প্রতি অনঢ় থাকেন। এতে তৃণমূলের সঙ্গে তাঁর দ্বন্দ্ব বেড়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার আগে কখনোই মোরশেদ আলমের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক কিংবা যোগাযোগ ছিল না। এর পরও তাঁদের আশা ছিল এবার সাংসদের মাধ্যমে সাংগঠনিকভাবে দল আরও শক্তিশালী ও সংগঠিত হবে। কিন্তু হচ্ছে তাঁর উল্টো। উপজেলা নির্বাচনের ফলই তাঁর প্রমাণ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমঞ্চদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাংসদ-সমর্থিত প্রার্থীর কারণে দলের তৃণমূলের মনোনীত প্রার্থীর পরাজয় হয়েছে। সাংসদ বিভিন্ন পর্যায়ের বেশ কিছু নেতা-কর্মীকে লোভ দেখিয়ে তৃণমূলের মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোট করিয়েছেন। যার দরুন এবার জয়লাভের একটি সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তিনি বলেন, আমরা দলের স্বার্থ চেয়েছি বলেই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়েছি।’
সাংসদ মোরশেদ আলম বলেন, ‘আমি গোলাম মোস্তফাকে প্রথমে সমর্থন দিয়েছিলাম। পরে কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে জাহাঙ্গীর আলমকে মেনে নিয়েছি। কিন্তু অনেক চেষ্টা করেও মোস্তফাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারিনি। আর এ কারণে আমাদের প্রার্থী জিততে পারেনি।’
নিজের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের লোভ দেখানোর অভিযোগ অস্বীকার করেন সাংসদ মোরশেদ আলম। তিনি বলেন, ‘সেনবাগ আওয়ামী লীগে আগে থেকেই সমস্যা। আমি নির্বাচিত হয়েছি মাত্র দুই মাস। চেষ্টা করেছি সবাইকে এক করার জন্য, কিন্তু এখনো পারিনি। আমি চাই সবাইকে নিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে।’