স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতাদের বিরোধের জেরে শিগগির ঘোষণা হচ্ছে না ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর থানা কমিটি। ফেব্রুয়ারির মধ্যেই কমিটি গঠন করার কথা থাকলেও আগামী এপ্রিল-মের আগে তা হচ্ছে না। এ অবস্থায় ঢাকা মহানগর আওয়ামী লীগের মূল কমিটিসহ থানা কমিটিগুলো ঘোষণা করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রথম আলোকে বলেন, ‘মহানগর অনেক বড় এলাকা। কমিটি নিয়ে এপ্রিলে বসব। এরপর আলাপ-আলোচনা করে কমিটি চূড়ান্ত করা হবে।’
জানা গেছে, মহানগরের ৪৯টি সাংগঠনিক থানার মধ্যে ৪২টি থানা ও এর অন্তর্গত সব কটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্মেলন হয়ে গেছে। কিন্তু থানা ও ওয়ার্ডের কমিটিতে স্থানীয় সাংসদেরা নিজের লোকের নাম জমা দিয়েছেন। আবার স্থানীয় থানা সভাপতি ও সাধারণ সম্পাদকও দিয়েছেন। ফলে স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতাদের মধ্যে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ বলেন, ‘সাংগঠনিক কর্মকাণ্ডে সাংসদেরা মহানগরে অতিথি। তাঁরা কোনোভাবেই কমিটি গঠনে হস্তক্ষেপ করতে পারেন না।’ তবে সাংসদ ও তৃণমূল নেতাদের মধ্যকার বিরোধের কথা অস্বীকার করে একে নেতৃত্বের প্রতিযোগিতা হিসেবে বর্ণনা করেন এম এ আজিজ।
এ বিষয়ে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর এলাকার সাংসদ বলেন, ‘আমার সংসদীয় এলাকায় আমি প্রভাব রাখতে চাইব, এটাই স্বাভাবিক। সাংসদদের কথা না মেনে কমিটি করলে অরাজকতা হতে পারে।’
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগরের একটি থানার সাধারণ সম্পাদক বলেন, ‘নিজের লোক কমিটিতে না থাকলে এমপিদের মাথা ঠিক থাকে না। তাঁরা মনে করেন, আমরা তাঁদের প্রতিদ্বন্দ্বী। সে জন্য তাঁরা নিজেদের লোক রাখতে মরিয়া।’
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কমিটি প্রস্তাবের নিয়ম না থাকলেও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার কাফরুল থানার জন্য ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেমকে সভাপতি এবং টেলিভিশন উপস্থাপক মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কাছে একটি কমিটির প্রস্তাব করেছেন। পাল্টা হিসেবে ওই থানার বর্তমান সভাপতি জামাল মোস্তফা ও থানা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি জমা দেওয়া হয়েছে।
কমিটিতে আবার জায়গা পাবেন কি না—জানতে চাইলে জামাল মোস্তফা বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করছি। আশা করছি, অবমূল্যায়ন হবে না।’
মিরপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতিত্ব করার কথা ওই থানার সভাপতি দেলোয়ার হোসেনের। তবে স্থানীয় সাংসদ আসলামুল হকের সঙ্গে তাঁর বিরোধ থাকায় ওই সম্মেলনে সভাপতিত্ব করেন আগা খান। এ নিয়ে তাঁদের মধ্যে বেশ কয়েকবার বাগবিতণ্ডাও হয়েছে। আসলামুল হক মিরপুর থানার সাধারণ সম্পাদক এস এম হানিফকে সভাপতি ও স্থানীয় ছাত্রলীগ নেতা কাজী স্বপনকে সাধারণ সম্পাদক করে মহানগরে একটি কমিটির প্রস্তাব করেছেন। এর পাল্টা হিসেবে মহানগর কার্যালয়ে অন্তত আরও দুটি কমিটি জমা পড়েছে।
উত্তরা থানা আওয়ামী লীগের সম্মেলনেও সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ সাহারা খাতুন। সম্মেলনে সভাপতিত্ব করতে দেওয়া হয়নি থানার ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জেল হোসেনকে। সাহারা খাতুনও থানার বর্তমান সাধারণ সম্পাদক হাবিব হাসানকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি জমা দিয়েছেন। তাঁর কমিটির পাল্টা হিসেবে স্থানীয় আওয়ামী লীগ অন্য একটি কমিটি মহানগরে জমা দিয়েছে। এভাবে সম্মেলন শেষ হওয়া থানাগুলোতে সাংসদ ও তৃণমূল নেতাদের মধ্যে বিরোধ চলছেই।
এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, যাঁরা বঙ্গবন্ধুর আমল থেকে দলের জন্য পরিশ্রম করছেন, এক-এগারোর পর দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে যাঁরা অগ্রণী ভূমিকা রেখে নির্যাতনের শিকার হয়েছেন এবং যাঁরা সমাজে প্রতিষ্ঠিত, যাঁদের ডাকে লোকজন আসবে, দলে গ্রহণযোগ্যতা রয়েছে—তাঁদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব আসবে। কমিটি ঠিক করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। কে বাদ পড়বে, কে থাকবে সেটা তিনিই বিবেচনা করবেন।’
সর্বশেষ ২০০৩ সালের জুন মাসে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি গঠিত হয়েছিল। ২০০৬ সালে মোহাম্মদ হানিফ মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি করা হয় এম এ আজিজকে। এরপরই ঢাকা মহানগরের অন্তর্গত সব থানা, ওয়ার্ডের কমিটি গঠন করা হয়।