সাংসদ থাকবেন না, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশের জন্য আগের দিন মাইকিং করা হয়েছিল। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠানের মঞ্চও তৈরি করা হয়। তারপর স্থানীয় সাংসদের আগ্রহে স্থগিত করা হয় অনুষ্ঠান। পরে সাংসদের সুবিধামতো সময়ে আবার অনুষ্ঠানটি করা হবে বলে আয়োজক সূত্রে জানা যায়।

রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন গতকাল বিকেলে বলেন, স্থানীয় সাংসদ থাকলে আরও ভালো হয়। তিনি দেশের বাইরে থাকার সময় অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছিল। এ জন্য তাঁকে জানানো সম্ভব হয়নি। সাংসদ জানিয়েছেন, পরে করলে এ অনুষ্ঠানে তিনিও থাকতে পারেন। তাই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনের। স্থানীয় ব্যবসায়ী ওবাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সুলতানসহ স্থানীয় গণ্যমান্য আরও কয়েক ব্যক্তির। তবে সমাবেশের বিষয়টি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদকে জানানো হয়নি। শোনার পর তিনিও এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। তাঁর নির্দেশেই গতকালকের অনুষ্ঠানটি বাতিল করা হয়।

সাংসদ আবদুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তারা পুলিশিং কমিটির উদ্যোগে একটি আয়োজন করতে চেয়েছিল শুনেছি। সেখানে আমি থাকলে ভালো হতো, এটা পুলিশকে আমি বলেছি। আমি না থাকলে দলের লোকজনও মন খারাপ করছিল।’