সাংসদ থেকে এবার মেয়র পদে
বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে নাসির উদ্দিন ২০০১ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি জামানত হারিয়েছিলেন। এবার তিনি টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।
নাসির উদ্দিন বর্তমানে টাঙ্গাইল জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক। দলীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন।
এ ছাড়া বিএনপি থেকে আরও দুজন দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। তাঁরা হচ্ছেন সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন ও গতবারের বিএনপির দল-সমর্থিত প্রার্থী খলিলুর রহমান।
সংসদ সদস্য প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতার পর কেন মেয়র পদে নির্বাচন করতে চান—এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘মেয়র পদে আমার দলীয় মনোনয়ন অনেকটা নিশ্চিত।’