সাংসদ দিলেন শুদ্ধ পাঠ
নতুন প্রজন্মের দুই শতাধিক শিক্ষার্থী। সবাই এসেছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে। শুরুতেই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর পরিবেশনায় শুরু হয় জাতীয় সংগীত। কিন্তু সেটা ছিল অশুদ্ধ কথা আর ভুল সুরে। জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ক্ষুব্ধ হন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর।
সাংসদ তখন শিক্ষকদের কাছে জানতে চান—শিক্ষার্থীদের কেন সঠিক সুর ও কথায় জাতীয় সংগীত শেখানো হয়নি? ভবিষ্যতে আর এমনটি হবে না—শিক্ষকেরা এমন নিশ্চয়তা দেন সাংসদকে। এরপর সাংসদ তাঁর মুঠোফোনে সংরক্ষিত শুদ্ধ কথা ও সুরের জাতীয় সংগীত মাইক্রোফোনে বাজান এবং সমবেতরা এর সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের কলাপাড়া এলাকার জালালাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘এসো মুক্তির গল্প শুনি’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। চেতনায় রণাঙ্গন ’৭১-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত (সিলেট ও হবিগঞ্জ) নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জালালাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মওদুদ আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, আয়োজক সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি দে, সাধারণ সম্পাদক রকিবুল হাসান, গবেষক সুমনকুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সাংসদ ও মুক্তিযোদ্ধার সম্মাননা-স্মারক তুলে দেওয়া হয়।
বক্তৃতায় সাংসদ কেয়া চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করতে হবে। দেশের জন্য টান অনুভব করতে হবে। তাই যখন জাতীয় সংগীত গাইবে, তখন শুদ্ধ ও সঠিকভাবে গাইতে হবে। এই যে আজ (গতকাল) তোমরা ভুলভাবে জাতীয় সংগীত গাইলে, এতে আমি খুব দুঃখ পেয়েছি। অবশ্য এর জন্য তোমাদের কোনো দোষ নেই। তোমাদের সঠিক শিক্ষা আমরা দিতে পারি নাই—এটা আমাদের ব্যর্থতা।’