সাংসদ নদভীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা মানববন্ধন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছে সাতকানিয়া উপজেলা শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাংসদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়।
১ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনের আগে সংবাদ সম্মেলনে সাংসদ নদভীর স্ত্রীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট। পরে মানববন্ধনে সাংসদের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
এর প্রতিবাদে গতকাল পাল্টা মানববন্ধন করে কল্যাণ পরিষদ। পরিষদের নেতারা অভিযোগ করেন, ওই মানববন্ধন (১ মার্চ) কর্মসূচিতে মিথ্যা, বানোয়াট ও অশালীন বক্তব্য দিয়ে সাংসদের নামে অপপ্রচার চালানো হয়।
এদিকে মানববন্ধনের আগে গতকাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কল্যাণ পরিষদ। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রমিজ উদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে অপপ্রচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংসদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।