সাংসদ নন, তবু বাসা ছাড়েননি ৫৪ জন

দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দেড় মাস আগে। এখনো নবম সংসদের ৫৪ জন সাংসদ ন্যাম ভবনের সরকারি বাসা ছাড়েননি। বাসার সরকারি মালপত্রও তাঁরা বুঝিয়ে দেননি। ফলে বরাদ্দ পেয়েও নতুন সাংসদদের অনেকে বাসায় উঠতে পারছেন না।
সংসদ সচিবালয় ও সদস্য ভবন সূত্র জানায়, সংসদ সদস্য না হয়েও এখনো সরকারি বাসা ছাড়েননি এমন সাংসদদের ৪৩ জনই হচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এর মধ্যে সংরক্ষিত আসনের মহিলা সাংসদদের সংখ্যাই বেশি। আবার সাংসদ হওয়ার আশায় তাঁরা বাসা ছাড়ছেন না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
বাসা না ছাড়ার তালিকায় নবম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির পাঁচজন ও জামায়াতে ইসলামীর একজন সাংসদ আছেন। এ ছাড়া এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিরও (জাপা) পাঁচজন সাংসদ রয়েছেন। ৫৪ সাংসদের বেশির ভাগই সদস্য ভবনে থাকছেন। অনেকে ব্যক্তিগত গাড়িতে সংসদ সদস্যের স্টিকারও ব্যবহার করছেন।
জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ কমিটির সভাপতি আ স ম ফিরোজ অনেক সাংসদের বাসা না ছাড়ার কথা স্বীকার করেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা চিঠি দিয়েছি, অনেকে ব্যক্তিগত অসুবিধার কারণে সময় চেয়েছেন। আশা করি ১০ মার্চের মধ্যে নতুন সাংসদেরা বাসায় উঠতে পারবেন।’
সূত্র জানায়, দশম সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি অথবা নির্বাচন করেননি—নবম সংসদের এমন সদস্যদের সরকারি মালামাল বুঝিয়ে দিয়ে বাসা ছাড়ার অনুরোধ জানিয়ে দুই দফা চিঠি দেওয়া হয়। গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর প্রথম দফায় চিঠি দিয়ে সাংসদদের ৩০ জানুয়ারির মধ্যে বাসা ছাড়তে বলা হয়। এরপর ২৯ জানুয়ারি দশম সংসদের অধিবেশন শুরু হওয়ার পর আরেকটি চিঠি দিয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।
বিএনপি-জামায়াতের ছয়: নির্বাচন না করেও সরকারি বাসভবনে আছেন—বিএনপির এমন সাবেক সাংসদেরা হলেন শেখ সুজাত মিয়া (হবিগঞ্জ), নজরুল ইসলাম (খুলনা), গোলাম মোস্তফা (জয়পুরহাট), নবম সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাম্মী আক্তার ও রাশেদা আক্তার।
বক্তব্য জানতে গতকাল রোববার বিকেলে শেখ সুজাত মিয়া, নজরুল ইসলাম ও শাম্মী আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁরা ধরেননি।
এ ছাড়া জামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ (কক্সবাজার) গতকাল পর্যন্ত বাসা ছাড়েননি বলে জানা গেছে। হামিদুর রহমান দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগেই তিনি বাসা ছেড়ে দিয়েছেন। তবে গতকাল নাখালপাড়ার সদস্য ভবনে গিয়ে হামিদুর রহমানের নামে বরাদ্দ করা বাসায় তাঁর ব্যক্তিগত সহকারী বাবুল হোসেনকে পাওয়া যায়। অবশ্য এখন তিনি নীলফামারী-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানান। যদিও সাংসদ গোলাম মোস্তফা ইতিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউর সদস্য ভবন-২-এর ৪০২ নম্বর বাসাটি বরাদ্দ পেয়েছেন।
আওয়ামী লীগের ৪৩ জন: মনোনয়ন না পেলেও সরকারি দল আওয়ামী লীগের ১৩ জন সাবেক সাংসদ এখনো সরকারি বাসা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। একইভাবে সাংসদ না হয়েও সদস্য ভবনে বসবাস করছেন সংরক্ষিত আসনের ৩১ জন মহিলা সাংসদ।
সরকারি সূত্রগুলো থেকে পাওয়া তথ্যমতে, বাসা ছাড়েননি এমন সাংসদেরা হচ্ছেন মজাহারুল হক প্রধান (পঞ্চগড়), আবদুস সাত্তার (ময়মনসিংহ), ননী গোপাল মণ্ডল (খুলনা), মো. আনোয়ার হোসাইন (পিরোজপুর), জাকির হোসেন (কুড়িগ্রাম), সফিকুল ইসলাম (ঝিনাইদহ-২), শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), তালুকদার মো. তৌহিদ মুরাদ জং (ঢাকা), আবদুল্লাহ-আল-কায়সার (নারায়ণগঞ্জ-৩), সারাহ্ বেগম কবরী (নারায়ণগঞ্জ-৪), আবুল কালাম আজাদ (রংপুর) ও গিয়াস উদ্দিন আহমদ (ময়মনসিংহ)।
আর সংরক্ষিত আসনের মহিলা সাংসদেরা হলেন ফজিলাতুন নেসা বাপ্পি, পিনু খান, হাসিনা মান্নান, খাদিজা খাতুন, অপু উকিল, আসমা জেরীন, আশরাফুন নেছা মোশারফ, আহমেদ নাজমীন সুলতানা, এ থিন রাখাইন, চেমন আরা বেগম, জাহানারা বেগম, জিনাতুন নেসা তালুকদার, জোবেদা খাতুন, নাজমা আক্তার, নূর আফরোজ আলী, নুরজাহান বেগম, পারভীন তালুকদার, ফরিদুন্নাহার লাইলী, তহুরা আলী, সালেহা মোশাররফ, মাহফুজা মণ্ডল, শেফালী মমতাজ, রওশন জাহান, রুবী রহমান, শওকত আরা বেগম, শাহিদা তারেখ, শাহিন মনোয়ারা হক, সাফিয়া খাতুন, সুলতানা বুলবুল, সৈয়দা জেবুন্নেছা হক এবং হামিদা বানু।
জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা পিনু খান স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমার মালপত্র আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। যেকোনো সময় ছেড়ে দেব।’ আর অবশ্য সাবেক সাংসদ ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বাসা ছেড়ে দিয়েছেন বলে দাবি করেছেন। তবে সদস্য ভবনের তত্ত্বাবধায়কেরা জানান, তাঁরা বাসা বুঝে পাননি।
জাপার পাঁচজন: জাপার সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), আনিসুল ইসলাম মণ্ডল (রংপুর), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী), আবদুল কাদের খানও (গাইবান্ধা) বাসা ছাড়েননি। সংরক্ষিত আসন থেকে নির্বাচিত দলের মহিলা সাংসদ মাহজাবীন মোরশেদও বাসা বুঝিয়ে দেননি বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমেদ বাসা ছেড়েছেন কি না, প্রশ্ন শুনে মুঠোফোনের সংযোগ কেটে দেন। জাফর ইকবাল সিদ্দিকী দাবি করেন, ‘খুব সম্ভবত ১৫ ফেব্রুয়ারি বাসা ছেড়ে দিয়েছি।’ আর মাহজাবীন মোরশেদ বলেন, ‘আমার লোকের মাধ্যমে অনেক দিন আগেই বাসার চাবি পাঠিয়ে দিয়েছি। আপনার কাছে বিষয়টি জেনে ভালোই হয়েছে, এখন খোঁজ নেব।’
আবার সাংসদ হওয়ার আশায় কি মহিলা সাংসদেরা বাসা ছাড়ছেন না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘আশা তো সবাই করতে পারে। দেখা যাক, এর মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। তখন থাকার মতো হলে থাকবে, ছাড়ার হলে ছেড়ে দেবে।’