সাংসদ ননীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আওয়ামী লীগের সাংসদ ননী গোপাল মণ্ডলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন খুলনার নারীনেত্রীরা। গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এই অভিযোগ করেন।তবে পাল্টা সংবাদ সম্মেলন করে সাংসদ এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি সংস্থা বনফুলের প্রধান নির্বাহী নারীনেত্রী জাকিয়া আক্তার। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের খুলনা শাখার সভাপতি রশু আক্তার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সদস্য তসলিমা খাতুন এবং নির্যাতিত নারী অধিকার বাস্তবায়ন সংস্থা, ফেডারেশন অব বাংলাদেশ উইমেন ইউনিভার্সিটি, বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনস ক্লাব ও উন্নয়ন নারী নামের সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, চৈত্রসংক্রান্তি উপলক্ষে গত শুক্রবার বিকেলে দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ মাঠে চড়কপূজা চলছিল। অনুষ্ঠানে লোকজন নিয়ে হামলা করেন সাংসদ ননী গোপাল। তিনি অনুষ্ঠান মঞ্চে উঠে দাকোপ উপজেলা পরিষদের একজন নারী জনপ্রতিনিধিকে চড়-কিল-ঘুষি মারেন। ওই জনপ্রতিনিধি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।লিখিত বক্তব্যে আরও বলা হয়, নারী জনপ্রতিনিধির ওপর হামলা করে সাংসদ ননী গোপাল গোটা নারী সমাজকে আঘাত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ ঘটনা ঘটলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ ঘটনার জন্য সাংসদের বিচার হওয়া জরুরি।নারী সংগঠনগুলোর সংবাদ সমেঞ্চলনের পর পরই সাংসদ ননী গোপাল দাকোপ থানার একাধিক পুলিশ কর্মকর্তাসহ তিন শতাধিক অনুসারী নিয়ে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে সাংসদ ননী গোপাল বলেন, ‘চড়কপূজা ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু পূজার প্রচারণায় ব্যবহূত রঙিন পোস্টারে সবার ওপরে খুলনা জেলা আওয়ামী লীগের এক নেতার ছবি ব্যবহার করা হয়। এর নিচে দেওয়া হয় পবিত্র মন্দির ও দেবতার ছবি। আমরা এর প্রতিবাদ করেছি।’তবে নারী জনপ্রতিনিধিকে মারধরের অভিযোগ অস্বীকার করে ননী গোপাল বলেন, ‘আমি কাউকে মারধর বা আঘাত করিনি, বরং আমার ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে এখন আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।’