সাংসদ নাসিমার ব্যক্তিগত গাড়িতে আগুন
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত গাড়িতে আগুন লেগেছে। এ সময় সাংসদ গাড়িতে ছিলেন না। তবে তাঁর ছেলে গাড়িতে ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ রোববার দুপুরে হাইকোর্টের সামনে সিরডাপ ভবনের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
সাংসদের ব্যক্তিগত গাড়িতে তাঁর ছেলে মাহমুদুল হাসান ছিলেন। এ বিষয়ে সাংসদের ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়ির ব্যাটারিতে ত্রুটির কারণে আগুন লেগেছে। এতে কেউ হতাহত হননি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এহসানুল ফেরদাউস বলেন, সিরডাপ মিলনায়তনের পাশের রাস্তায় গাড়িটিতে আগুন লেগে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আরোহীরা গাড়ি থেকে নেমে যান। সাংসদ গাড়িটি রেকার দিয়ে তাঁর নিজ এলাকায় নিয়ে গেছেন।