স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ইব্রাহিম হত্যা মামলার তদন্ত চলছে। তদন্তে সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন দোষী সাব্যস্ত হলে তাঁকেও বিচারের আওতায় আনা হবে।গতকাল শনিবার রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে মন্ত্রী কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট ও ফার্মগেটের আওলাদ হোসেন মার্কেট পরিদর্শন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমপি শাওন কেন, তার চেয়ে ক্ষমতাধর কোনো এমপির অপরাধে জড়ানোর প্রমাণ পাওয়া গেলে তাঁকেও গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হবে।’ ইব্রাহিমের স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে সাহারা খাতুন জানান, ইব্রাহিমের স্ত্রী তাঁর সঙ্গে দেখা করেছেন। তিনি যেন সঠিক বিচার পান সে ব্যাপারে তাঁকে আশ্বস্ত করা হয়েছে।এবারের ঈদের বাজারে চাঁদাবাজি নেই, দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন মার্কেট ঘুরে তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে গ্রেপ্তার করে বিচার করা হবে।বাজার পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।