সাংসদ নুরুন্নবীকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যার ঘটনায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবীর বিরুদ্ধে কোনো মামলা না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার ও হয়রানি না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ নুরুন্নবী চৌধুরীর করা আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ দিন তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান।আদালতে নুরুন্নবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ ও জাকির হোসেন।ইউসুফ হোসেন প্রথম আলোকে বলেন, নুরুন্নবীর বিরুদ্ধে পুলিশের করা কোনো মামলা নেই। মামলা না হওয়া পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন আদালত।মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, আগাম জামিন চেয়ে এবং হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে নুরুন্নবী চৌধুরী আবেদনটি করেন। আদালত মামলা না হওয়া পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, ১৩ আগস্ট রাতে সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ির ভেতরে তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িচালক কামাল শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন। তবে নিহত ইব্রাহিমের স্ত্রী রীনার দাবি, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ ১৮ আগস্ট বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ওইদিন আদালত অপমৃত্যুর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্রতিবেদন পাওয়ার পর হত্যার অভিযোগে করা মামলার বিষয়ে আদেশ দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা যায়।