সাংসদ নুরুলকে কয়রায় অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ শেখ মো. নুরুল হককে কয়রা উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় নেতা-কর্মীদের একাংশ।
গতকাল রোববার কয়রা উপজেলা সদরে সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।
এর আগে শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দেন। এর জেরে গতকাল সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সাংসদপুত্র রফিকুল ইসলামের নেতৃত্বে দুপুরে কয়রা সদরে একটি মিছিল বের হয়। পরে কয়রা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জি এম মহসীন রেজা তাঁর অনুসারীদের নিয়ে পাল্টা মিছিল বের করেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সাংসদকে অবাঞ্ছিত করার ঘোষণাটি আসে।
এ বিষয়ে মহসীন রেজা প্রথম আলোকে বলেন, ‘উনি (নুরুল হক) সংগঠনের নীতি বোঝেন না। নিজের নীতি বোঝেন। একটা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হতেই পারে। কিন্তু আমাদেরকে শায়েস্তা করতে ৫০-৬০টি মোটরসাইকেল ও অস্ত্রপাতিসহ উনি ওনার ছোট ছেলেকে কয়রায় পাঠিয়েছেন।’
সাংসদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মহসীন রেজা বলেন, নুরুল হককে এলাকায় কিংবা দলীয় কোনো কর্মসূচিতে পাওয়া যায় না। কিন্তু তিনি গণমাধ্যমে উন্নয়নের মিথ্যা ভাষণ দিয়ে বেড়ান। এসব কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পাশাপাশি এলাকার শান্তিও বিনষ্ট হচ্ছে।
এ বিষয়ে সাংসদ নুরুল হক প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন সামনে রেখে এটা তাঁর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য বলে দাবি করেন তিনি।