সাংসদ নূরের হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর তিনজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন। গতকাল বুধবার দুপুরে নীলফামারীতে তাঁর নিজ বাসভবনে ব্যক্তিগত অর্থ থেকে ওই হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ।হুইলচেয়ার পাওয়ার পর স্থানীয় পঞ্চপুকুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রিয়েল ইসলাম বলে, ‘আমি জন্ম থেকে প্রতিবন্ধী। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারতাম না। অন্যের সাইকেলের পেছনে বসে স্কুলে যাওয়া-আসা করতাম। অনেক দিনের স্বপ্ন ছিল একটা হুইলচেয়ারের। এখন আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমি নিজে চলাফেরা করতে পারব।’চার বছর আগে বার্জার রোগে দুটি পা হারিয়েছেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মজিবর রহমান (৬৫)। তিনি জানান, চার বছর থেকে দুই হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করছেন তিনি। এখন হুইলচেয়ার পাওয়ায় তাঁর কষ্ট অনেক কমে যাবে।সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম বলেন, সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে দুস্থদের মধ্যে ঘর বিতরণ, ভ্যান-রিকশা বিতরণ, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির একটি হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ। এক-দুই মাস পর পর এমন দু-চারজন প্রতিবন্ধীকে এ সহায়তা দেওয়া হয়।