সাংসদ পাপিয়ার বিরুদ্ধে মামলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগে বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশীদ জানান, গত রোববার সন্ধ্যায় জেলা যুবদলের সভাপতি ওবাইদুল ইসলাম পাঠান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলায় পাপিয়াসহ বিএনপির স্থানীয় ১৯ জনকে আসামি করা হয়েছে। আর বাড়িতে হামলার ঘটনায় পাপিয়া ছাড়া বাকি ১৮ জনসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গত শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ঝাড়ুমিছিল করে যুবদল। এতে ক্ষুব্ধ হয়ে বিকেলে শহরের সার্কিট হাউস মোড়ে জেলা যুবদলের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পাপিয়ার নির্দেশে ধারালো অস্ত্র, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এ হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সন্ধ্যায় শহরের কাঁঠালবাগিচা এলাকায় ওবাইদুল ইসলামের বাড়িতেও হামলা চালানো হয়। ওসি জানান, অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ওবাইদুল ইসলামের অভিযোগ, মামলা দায়েরের পর পাপিয়া তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। সাংসদ পাপিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার থাকায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। সরকারের এজেন্টরাই এ মামলা দায়ের করেছে। শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির যেসব নেতা-কর্মী আন্দোলনে সোচ্চার, তাঁদেরও আসামি করা হয়েছে।