সাংসদ পাপিয়ার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলার অভিযোগে বিএনপির সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সদর থানার ওসি এস এম বজলুর রশীদ জানান, গত রোববার সন্ধ্যায় জেলা যুবদলের সভাপতি ওবাইদুল ইসলাম পাঠান বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলায় পাপিয়াসহ বিএনপির স্থানীয় ১৯ জনকে আসামি করা হয়েছে। আর বাড়িতে হামলার ঘটনায় পাপিয়া ছাড়া বাকি ১৮ জনসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গত শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ঝাড়ুমিছিল করে যুবদল। এতে ক্ষুব্ধ হয়ে বিকেলে শহরের সার্কিট হাউস মোড়ে জেলা যুবদলের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পাপিয়ার নির্দেশে ধারালো অস্ত্র, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এ হামলা চালায় দুর্বৃত্তরা। সন্ধ্যায় কাঁঠালবাগিচা এলাকায় ওবাইদুলের বাড়িতে হামলা চালানো হয়।