সাংসদ-পিআইওর দ্বন্দ্বে আটকে আছে সেতুর কাজ

স্থানীয় সাংসদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দ্বন্দ্বের কারণে প্রায় পাঁচ মাস ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মালভাঙ্গাপাতা সেতুর নির্মাণকাজ থেমে আছে। ফলে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহরে যেতে ভোগান্তিতে পড়েছেন চার গ্রামের মানুষ।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মালভাঙ্গাপাতা খালের ওপর সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ৩৫ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ১২ ফুট।
চলতি বছরের মার্চ মাসে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। সুরভী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। পিআইও কার্যালয়ের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি এপ্রিল মাসে সেতুর নির্মাণকাজ শুরু করে। ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মধ্যে সেতুর চারটি পিলারের নির্মাণকাজ শেষ হয়। এরপর আর কোনো কাজ হয়নি।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন সেতুর চারটি পিলার দাঁড়িয়ে আছে। দুপাশে সংযোগ সড়ক নেই।
এলাকাবাসী বলেন, ইউনিয়নের পশ্চিম চণ্ডিপুর-মালভাঙ্গাপাতা-পুবচণ্ডিপুর রাস্তার মালভাঙ্গাপাতা খালের ওপর একটি বাঁশের সাঁকো ছিল। সাঁকোর ওপর দিয়ে পশ্চিম চণ্ডিপুর, মালভাঙ্গাপাতা, পুবচণ্ডিপুর ও বোচাগাড়ি গ্রামের মানুষ পার হয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহরে যেতেন। এখন ওই সাঁকোর পাশ দিয়েই সেতু করা হচ্ছে। তাই সাঁকো দিয়ে পার হওয়া যাচ্ছে না।
মালভাঙ্গাপাতা গ্রামের দিনমজুর বাবলু মিয়া (৪৫) বলেন, আগে সাঁকো পার হয়ে হেঁটে চণ্ডিপুর বাজারে গেছেন। এখন এক মাইল ঘুরে বাজারে যেতে হয়।
কৃষক মোশারফ মিয়া (৫৫) বলেন, ‘বিরিজ বানব্যার ধরি হামারঘরে কসটো বাড়ি গেচে। আগে সাকোত পার হচিনো, সেটাই ভালো আচিলো। তোমরাঘরে ভালো করি নেকেন, কামটা জানি তাড়াতাড়ি হয়।’
সুন্দরগঞ্জের পিআইও নুরুন্নবী সরকার মুঠোফোনে বলেন, সাংসদ চলতি বছরের জুন মাসে কাবিটা প্রকল্পের ২২ লাখ টাকার কাজ প্রাক্কলন অনুযায়ী না করে বিল দাখিল করেন। সেই বিল না দেওয়ায় সাংসদ ও তাঁর লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ হন। সে জন্য সাংসদ সেতুর কাজ নিয়ে নানা মিথ্যা অভিযোগ করছেন। তিনি লোকজন দিয়ে কাজে বাধার সৃষ্টি করছেন। ফলে অবশিষ্ট কাজ শেষ করা যাচ্ছে না।
সাংসদ মনজুরুল ইসলাম গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, পিআইও এবং ঠিকাদার যোগসাজশ করে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ ও ছাদ ঢালাই করান। ফলে কয়েক দিনের মধ্যে ছাদ ধসে পড়ে। এ নিয়ে তিনি আইনগত ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। তদন্ত হলে অভিযোগ প্রমাণিত হবে। তদন্তের আগে কাজ হলে অনিয়মের আলামত পাওয়া যাবে না। তাই তিনি নির্মাণকাজ স্থগিত রাখতে বলেছেন।
আর প্রাক্কলন অনুযায়ী কাজ না করা প্রসঙ্গে সাংসদ বলেন, শতকরা ১০ ভাগ টাকা ঘুষ না দেওয়ায় পিআইও ওই টাকার বিল আটকে দিয়েছিলেন।
সেতুর ঠিকাদার জাকির হোসেন বলেন, বন্যার কারণে ৩০ জুনের মধ্যে কাজ শেষ করা যায়নি। পরে কয়েক দফা চেষ্টা করেও কাজ করা যাচ্ছে না। স্থানীয় সাংসদের লোকজন বাধা দিচ্ছেন। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ছাদ ধসে পড়ার অভিযোগ অস্বীকার করেন।