সাংসদ ফকিরের বিরুদ্ধে কার্যালয় দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের বিরুদ্ধে এবার গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় দখল করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম লিখিত বক্তব্যে বলেন, গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়টি সাংসদ মজিবুর রহমান ফকিরের লোকেরা অবৈধভাবে দখল করে নিয়েছেন। কার্যালয়টি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষক সমিতির নেতারা জানান, সমিতির কার্যালয়টি গত ১৬ এপ্রিল দখলে নেন সাংসদ মজিবুর রহমানের লোকজন। এরপর থেকে সাংসদ দলীয় লোকজন নিয়ে সেখানে সভা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহান আরা খানম, জ্যেষ্ঠ সহসভাপতি ফজলে রাব্বী আল ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল ওয়াদুদ ভূঞা, যুগ্ম সম্পাদক রেজাউল কবীর এবং জেলা ও বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, সাংসদ মজিবুর রহমান ফকিরের নির্দেশে শিক্ষক দম্পতি মাজহারুল আনোয়ার ও রোজী সুলতানার ওপর নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সন্তানকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে সাংসদের নির্দেশে।
গৌরীপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার, তাঁর স্ত্রী রোজী সুলতানা এবং ছেলে মুতাসিম মাহির গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মন্ত্রীর নির্দেশের পরও কেন ছেলেকে ভর্তি করাচ্ছেন না—এ প্রশ্নের জবাবে মাজহারুল আনোয়ার বলেন, ‘মন্ত্রী যে দিন ভর্তির নির্দেশ দেন সেদিন তিনি আমার সঙ্গেও মুঠোফোনে কথা বলেন। আমি ছেলেকে ভর্তি করানোর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু ওই দিনই গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন আমার বিরুদ্ধে মানববন্ধন করে। এতে আমি নিরাপত্তাহীনতায় ছিলাম।’
অভিযোগের বিষয়ে জানতে গতকাল বিকেলে সাংসদ মজিবুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এর আগে গত ৭ আগস্ট মাজহারুল আনোয়ার সম্মেলন করে অভিযোগ করেন, শিক্ষক হিসেবে বদলিজনিত কারণে তাঁর সঙ্গে সাংসদ মজিবুর রহমান ফকিরের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই তাঁর (আনোয়ার) ছেলে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মুতাসিমকে সাংসদের নির্দেশে গত ২১ মে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। অন্য দুটি বিদ্যালয়ে ভর্তি হতে গেলেও সাংসদের কারণেই তাকে ভর্তি করানো যায়নি।
মাজহারুল আনোয়ারের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাঁর ছেলেকে যেকোনো বিদ্যালয়ে ভর্তি করানোর ব্যবস্থা নেওয়ার জন্য ৯ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তফিজুর রহমান।