সাংসদ বদলান, বদলায় না সেতুর চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ সেতুর নামফলকের পাশের জমিতে কাজ করছিলেন বড়দহ গ্রামের কৃষক আবদুল আজিজ (৫০)। প্রতিবেদককে অসমাপ্ত সেতুর ছবি তুলতে দেখে আক্ষেপ করে বললেন, ‘ফটোক তুলি কী করবেন! এ যাবৎ ম্যালা নোক ফটোক তুলি নিচে, কিন্তু বিরিজের কাম হয় নাই।’ তিনি হাত উঁচিয়ে সেতুর পিলার দেখিয়ে বলেন, ‘ওই যে দেকচেন-জাহাজের মতোন দাঁড়ে আচে, ওনকায় আঠারো বচর থাকি আচে।’
খোঁজ নিয়ে জানা যায়, এই সেতুর পিলার স্থাপনের পর গত ১৮ বছরে চারজন সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েও কোনো সাংসদ সেতুর কাজ শেষ করতে পারেননি। এর মধ্যে ১৯৯৬ সালে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির লুৎফর রহমান চৌধুরী। লুৎফর রহমান বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিরোধী দলের সাংসদ হওয়ায় কোনো ফল হয়নি।’
২০০১ সালে একই আসন থেকে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আবদুল মোত্তালেব আকন্দ। সে সময় দলীয় সরকার থাকলেও মোত্তালেব আকন্দ সেতুর কাজ সম্পন্ন করতে কোনো পদক্ষেপ নেননি। ২০০৫ সালে মোত্তালেব আকন্দের মৃত্যুর পর উপনির্বাচনে তাঁর ছেলে শামীম কায়সার সাংসদ নির্বাচিত হন। তিনিও সেতুটির কাজ শেষ করতে পারেননি। শামীম কায়সার বলেন, ‘অল্প সময় পেয়েছি। তাই সেতু হয়নি।’
সর্বশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি ২০০৯ সালের ৩ আগস্ট সেতু নির্মাণ ও নদী শাসন প্রকল্পকাজের উদ্বোধন করেন। শুধু ফলক উন্মোচন করেই সাংসদ তাঁর দায়িত্ব শেষ করেন। এর পর থেকে সেতু নির্মাণকাজের কোনো অগ্রগতি হয়নি।
মনোয়ার চৌধুরী বলেন, ‘আমার প্রচেষ্টায় বড়দহ সেতু নির্মাণে ২২ কোটি টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য প্রকল্পটি মন্ত্রণালয়ে জমা আছে। অচিরেই কাজ হবে।’
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৫ সালে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু নির্মাণকাজ শুরু করে সওজ। প্রথম দরপত্রে এর নির্মাণ-ব্যয় ধরা হয় তিন কোটি ৬৬ লাখ ৮ হাজার টাকা। দুই কোটি টাকা ব্যয়ে মাত্র তিনটি পিলার ও পিলারের ওপর ছাদ নির্মাণ করা হয়। তারপর ১৪ বছর কেটে যায়। ২০০৯ সালে দ্বিতীয় দফায় ১২ কোটি টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয়। তবে ঠিকাদারিপ্রতিষ্ঠান মেসার্স এমবিএল নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার অজুহাতে কাজ শুরু করেনি। ফলে ১৮ বছর ধরে নির্মাণকাজ থেমে আছে। পরে চলতি বছরের মে মাসে তৃতীয় দফায় দরপত্রে ২২ কোটি টাকা নির্মাণ-ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি।
উপজেলার ধর্মপুর গ্রামের স্কুলশিক্ষক দেলোয়ার হোসেন বলেন, সেতু না থাকায় ২০ কিলোমিটার ঘুরে এসব এলাকার লোকজনকে জেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। বিশেষত এলাকার ছাত্রছাত্রীদের গোবিন্দগঞ্জ বা গাইবান্ধায় বিভিন্ন স্কুল-কলেজে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।