সাংসদ বদি আসবেন তাই...
টেকনাফের সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চবিদ্যালয়ের পাঠদান বন্ধ করে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদের জনসভার মঞ্চ তৈরির জন্য বেঞ্চ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জনসভায় যোগদান করতে নির্দেশ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আগামী ৩১ মার্চ টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুইটায় সেন্ট মার্টিন বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় অভিভাবকেরা অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদের জনসভায় সরকারদলীয় ও স্থানীয় সাংসদের উপস্থিতিতে কথা বলে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন এবং জনসভায় যোগ দিতে বাধ্য করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল আলম বলেন, হঠাৎ করে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে পূর্বঘোষণা ছাড়াই প্রধান শিক্ষক বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের জনসভায় যোগদান করতে বাধ্য করেন।
কয়েকজন শিক্ষার্থী বলে, ভৌমিক স্যারের নির্দেশে আমরা জনসভায় গিয়েছিলাম। কিন্তু বিদ্যালয়ের সভাপতি দুপুর ১২টার দিকে জনসভা থেকে আমাদের তাড়িয়ে দেন।
সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল ভৌমিক বলেন, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জনসভায় বিদ্যালয়ের কিছু বেঞ্চ দেওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। সাংসদ উপস্থিত থাকলে পাঠদান বন্ধ করে দেওয়ার সরকারি কোনো বিধান রয়েছে কি না, প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, আজ (বৃহস্পতিবার) কোনো সরকারি ছুটির দিন নয়। তাই বিদ্যালয় বন্ধ রাখার কোনো প্রশ্নই ওঠে না।
সাংসদ এলাকায় গেলে কি বিদ্যালয় বন্ধ রাখতে হবে? এমন প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, সাংসদ নয়, মন্ত্রী গেলেও বিদ্যালয় বন্ধ রাখার কোনো বিধান নেই। তার ওপর নির্বাচনী জনসভার কাজে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে বেঞ্চ ও শিক্ষার্থীদের জনসভায় যোগদান করার প্রধান শিক্ষকের নির্দেশ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধান শিক্ষক পাঠদানের বেঞ্চ দিয়েছেন এবং কিছু শিক্ষার্থীকে জনসভায় যেতে বলেছেন। পরে বিষয়টি আমি শুনে জনসভা থেকে শিক্ষার্থীদের পাঠিয়ে দিয়েছি। কিন্তু জনসভার কাজে ব্যবহার করায় বেঞ্চগুলো নেওয়া সম্ভব হয়নি।’