সাংসদ বদি দুই ঘণ্টা অবরুদ্ধ

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের বাধার মুখে একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি। রাস্তায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তিনি টেকনাফ সদরে ফিরে যান।
স্থানীয় সূত্র জানায়, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া নবী হোসেন উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে সাবরাং ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেনের দাবি, সেটি ছিল সংবর্ধনা অনুষ্ঠানের আদলে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সোনা আলীর নির্বাচনী জনসভা।
স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের গাড়ি সাবরাং বাজারে পৌঁছালে ‘বিদ্রোহী’ প্রার্থী নুর হোসেনের সমর্থকেরা সড়কের ওপর বসে পড়েন। তাঁরা সাংসদকে বহনকারী গাড়ি আটকে রাখেন। একপর্যায়ে রাত সাড়ে সাতটার দিকে সাংসদ বদি টেকনাফ সদরের দিকে ফিরে যান। তবে এর আগে জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা সাবরাং বাজারের ওপর দিয়ে যাওয়ার সময় নুর হোসেনের সমর্থকেরা তাঁদের শুভেচ্ছা জানান।
‘সাবরাংবাসীর’ ব্যানারে আয়োজিত ওই সংবর্ধনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অনুপস্থিত থাকলেও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক ও কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি মোর্শেদ হোসেন। ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ রফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় মুজিবুর রহমান সোনা আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসাইন ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ বলেন, জেলা কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়ার বিষয়টি স্থানীয় নেতা-কর্মীরা জানতেন না।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নুর হোসেন বলেন, সাংসদকে অবরুদ্ধ করার ঘটনায় তাঁর কোনো ভূমিকা নেই। সংবর্ধনা অনুষ্ঠানের আদলে আয়োজিত ওই নির্বাচনী জনসভায় সাংসদ যোগ দিলে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে—এই আশঙ্কায় সাধারণ জনতা তাঁকে অবরুদ্ধ করেন।
সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছেন, তাঁরাই আজ আমাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে তাঁদের বাধার মুখে রাত সাড়ে সাতটার দিকে টেকনাফে ফিরে আসি।’