কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আবদুর রহমান বদি ৩ জুলাই শামলাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এম এ মনজুরকে মারেননি, বরং রক্ষা করেছেন। কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এ দাবি করা হয়। সম্মেলন পৌর এলাকার একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম ইউনুছ, যুগ্ম সম্পাদক কায়সার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী হাফেজ উল্লাহ প্রমুখ। লিখিত বক্তব্যে জাফর আলম চৌধুরী বলেন, ৩ জুলাই উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারসংলগ্ন নির্ধারিত স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তত্ত্বাবধানে দলীয় কার্যালয় নির্মাণের সময় এলাকার ভূমিদস্যুদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ওই হাইস্কুলের ছাত্রছাত্রীরা মাইকে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে নির্মাণকাজ বন্ধ করতে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শ্রমিকদের হাতে মনজুর মাস্টার লাঞ্ছিত হন। পরে ঘটনাস্থল থেকে মনজুর মাস্টারকে পুলিশ আটক করার সময় সাংসদ আবদুর রহমান বদির সঙ্গে দেখা হয়। এ সময় বদি ঘটনা জানতে চাইলে মনজুর দাপটের সঙ্গে চারদলীয় জোটের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ক্ষমতা দেখিয়ে কথাবার্তা বলেন। পরে উপস্থিত নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষিপ্ত হলে সাংসদ নিজেই তাঁকে রক্ষা করেন।জাফর আলম চৌধুরী অভিযোগ করেন, ‘গত চারদলীয় জোট সরকারের আমলে শাহজাহান চৌধুরীর ছত্রচ্ছায়ায় মনজুর বহু জমি দখল করেছেন। অতীতের মতো মনজুর আওয়ামী লীগ কার্যালয়ের জমি দখল করতে যান। তাই ঘটনার তদন্ত করে মনজুরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’এ প্রসঙ্গে এম এ মনজুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাইস্কুলের খেলার মাঠসংলগ্ন এলাকার জমিতে দলীয় কার্যালয় নির্মাণে তিনি বাধা দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ তাঁকেসহ কয়েকজনকে ডেকে পাঠান। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন তাঁদের নিয়ে গ্রিন গার্ডেন নামের একটি হোটেলে প্রবেশকালে সাংসদ নিজে তাঁকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন। তারপর এমপি কী জিনিস বলে প্রায় ১৫ মিনিট ধরে জুতা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।