সাংসদ বদি মানুষকে ভিক্ষুক বানাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি মাফিয়া চক্রের অন্যতম হোতা। মাদক ও কালোবাজারির টাকার একটি অংশ বিলিয়ে তিনি উখিয়া-টেকনাফের অসহায় মানুষকে ভিক্ষুক বানাচ্ছেন। ভোট আদায়ের কৌশল হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে চাল, তেল, কাপড়চোপড়সহ নগদ টাকা বিতরণ করলেও মানুষ এখন তাঁর চালাকি ধরে ফেলেছেন। মাদকের টাকা সাহায্য হিসেবে নিয়ে মানুষ ভিক্ষুক হতে চাইছেন না। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে ১৮ দলের এক সমাবেশে শাহজাহান চৌধুরী এ কথা বলেন। তিনি এই আসনের (কক্সবাজার-৪) চার বার সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে শাহজাহান চৌধুরীকে পরাজিত করে বদি সাংসদ নির্বাচিত হন।
সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্য দিনের বেলায় উখিয়া-টেকনাফের সাতটি বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। কারা হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে সবাই দেখেছে। কিন্তু সাংসদ বদির ইন্ধনে ওই মামলায় আসামি করা হয়েছে বিএনপি-জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থককে। বিএনপি ক্ষমতায় গেলে হামলা ও অগ্নিসংযোগকারীদের বিচার করবে।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, জেলা বিএনপি সদস্য খাইরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম মোক্তার আহমদ প্রমুখ। বক্তারা সাংসদ বদির দান-খয়রাত নাটক থেকে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাংসদ বদি বলেন, অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াতে তিনি সাহায্যের হাত প্রসারিত করেছেন।