সাংসদ বদিকে সম্পদ বিবরণী দিতে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি ও তাঁর ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশ হাতে পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে দুদকের নিয়মিত কমিশনের বৈঠকে বদি ও তাঁর ওপর নির্ভরশীল প্রত্যেকের পৃথক সম্পদ বিবরণী পাঠানোর নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক আহসান আলী এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করছেন।
আহসান আলী প্রথম আলোকে জানান, সাংসদ বদি গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া তিনি হলফনামায় তাঁর নির্ভরশীলদের আয় দেখান তিন লাখ ৪৮ হাজার ৫৮০ টাকা। কিন্তু তাঁর এলাকায় ও অন্যত্র কোথাও তাঁর ভাইবোন বা ছেলেমেয়েরা চাকরি বা প্রকাশ্য ব্যবসায় জড়িত বলে প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর ভাইবোন ও বন্ধুদের এত সম্পদ কোথা থেকে এল, তা-ও এ ক্ষেত্রে দেখার বিষয়।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ: দুদকের অভিযোগ প্রমাণিত হলে কী হবে, সেটা পরে ভেবে দেখবেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। রোববার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুদকের অনুসন্ধানকে খুবই ইতিবাচক উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘অভিযোগ আগে প্রমাণ হোক, তারপর ভেবে দেখব কী করব।’
উপপরিচালক খায়রুল হুদা তাঁকে বেলা ১১টা থেকে সাড়ে তিন ঘণ্টা ধরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। প্রথম আলোকে তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রীর হলফনামা ও আয়কর বিবরণীর সঙ্গে অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে প্রচুর অমিল পাওয়া যাচ্ছে। বিশেষ করে তাঁর জমিসংক্রান্ত তথ্য ও স্ত্রী প্রীতি হায়দারের নামে সম্পদের প্রচুর তথ্য পাওয়া গেছে। তাই এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ১২ জানুয়ারি সাত সাবেক ও বর্তমান সাংসদের অতিরিক্ত সম্পদের বিষয়ে অভিযোগের সিদ্ধান্ত নেয় দুদক কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে।