সাংসদ বদির খালাসের বিরুদ্ধে আপিল দুদকের
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক।
আজ বৃহস্পতিবার আপিলটি দায়ের করা হয় বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
দুদকের এই আইনজীবী বলেন, আপিলে খালাসের রায় বাতিল চাওয়া হয়েছে। বলা হয়েছে, সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও সাংসদ বদিকে খালাস দেওয়া আইনসম্মত হয়নি।
দুদকের মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। তাঁকে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশও দেওয়া হয়। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
সাজার রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন বদি। পাশাপাশি জামিনের আবেদন জানান। এর ওপর গতকাল বুধবার হাইকোর্টে শুনানি হয়।
বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ। বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে।