দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়।
ওই মামলায় সাংসদ বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘আবেদন চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। বদির আইনজীবীরা এক দিন সময় নিয়েছেন। বলেছি, সময় দিলে তিনি বেরিয়ে যাবেন। বদির আইনজীবী অঙ্গীকার করেছেন, বের হবেন না। চেম্বার বিচারপতির আদালতে আগামী রোববার এই আবেদনের শুনানি হবে।’
দুদকের করা ওই মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে সাংসদ বদিকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। তবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।