সাংসদ বদির জামিন, খালাসের বিরুদ্ধে আপিল করবে দুদক
কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি ছয় মাসের জামিন পেয়েছেন। সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা আপিল শুনানির জন্য গ্রহণ করে গতকাল বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে।
ফলে কারাগার থেকে সাংসদ বদির মুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।
এদিকে দুদকের করা ওই মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে বদিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
এ মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে সাংসদ বদিকে তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। তিন বছরের ওই সাজার রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন বদি, পাশাপাশি জামিনের আবেদন জানান। এর ওপর গতকাল শুনানি হয়।
আদালতে আবদুর রহমান বদির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব আলী, সঙ্গে ছিলেন আইনজীবী নাসরিন সিদ্দিকা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।