সাংসদ বদির দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি
কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালত আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাক্ষী হাজির করতে না পারায় সময়ের আবেদন করে। আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে ২ ডিসেম্বর মামলার বাদী দুদকের উপপরিচালক আবদুস সোবহানের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
গত বছরের ২১ আগস্ট দুদক রাজধানীর রমনা থানায় দুর্নীতির অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, সাংসদ আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেন। চলতি বছরের ৭ মে তাঁকে আসামি করে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয় দুদক।