সাংসদ বদির বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৩ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ ও কিশোরগঞ্জে বিভিন্ন সরকারি কার্যালয়ের প্রকৌশলীরা মানববন্ধন করেছেন। সাংসদ কক্সবাজারের উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তাফা মিনহাজকে লাঞ্ছিত করায় তাঁরা তাঁর বিচারের দাবি করেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ময়মনসিংহ শাখার উদ্যোগে জেলা শহরের পাটগুদাম এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ময়মনসিংহ শাখার চেয়ারম্যান আবদুল মজিদের সভাপতিত্বে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুনসহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলার প্রকৌশলীরা বক্তৃতা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংসদে যাঁরা আইনপ্রণেতা, তাঁদের হাতেই আমরা নির্যাতিত হচ্ছি। এমন ঘটনা প্রথম নয়, আগেও অনেক ঘটনা ঘটেছে। কিন্তু যথাযথ বিচার না হওয়ার কারণেই এ ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সর্বশেষ মোস্তাফা মিনহাজ লাঞ্ছিত করার অপরাধে সাংসদ বদির বিচার করতে হবে। এই দাবি না মানা হলে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের সামনে মানববন্ধন হয়। এতে কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন। তাঁরা প্রকৌশলী মোস্তাফা মিনহাজকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানান।