দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা সম্পদের তথ্য গোপনের একটি মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিনের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আইনজীবী শুনানি পেছাতে আদালতে সময়ের আবেদন করেন। এ সময় সাংসদ বদিও আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত আগামী ১৮ মে শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী বলেন, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দুদকের সাবেক উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে মামলা করেন। এজাহারে তাঁর বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২৪ জুন সাংসদ বদির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এরপর উচ্চ আদালতের নির্দেশে আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। গত ২২ ফেব্রুয়ারি উচ্চ আদালত স্থগিতাদেশ তুলে নিয়ে আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সাংসদ বদি ২০ মার্চ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে একই আদালত তা মঞ্জুর করেন।