সাংসদ বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
গতকাল সাংসদ আবদুর রহমানের পক্ষে নতুন করে জামিনের আবেদন করা হয়। এ সময় আবদুর রহমানকে আসামির কাঠগড়ায় যেতে বলেন আদালত। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন এবং ৬ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। সাংসদ আবদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৪ সালের ২১ আগস্ট সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান এ মামলা করেন। গত ১২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। পরে হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। দুদক তদন্ত শেষে চলতি বছরের ৭ মে আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, অনুসন্ধানে দেখা যায়, আবদুর রহমানের ৬ কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এই সম্পদের বৈধ আয়ের কোনো উৎস নেই। তিনি দুদকের কাছে ৩ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন।