সাংসদ বদির বিরুদ্ধে দুজনের সাক্ষ্য
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন-সংক্রান্ত দুর্নীতি মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুজনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। ২০ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করা হয়েছে।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এই দিন ধার্য করেন।
আজ সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রাম কর অফিসের প্রধান সহকারী প্রিয় কুমার চাকমা ও মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবদুস সোহবান।
দুদকের কৌঁসুলি কবির হোসাইন প্রথম আলোকে বলেন, এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর মধ্যে দুজনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আজ সাংসদ বদির কর-সংক্রান্ত কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে।
এর আগে মামলার আসামি সাংসদ আবদুর রহমান বদি আদালতে হাজির হন। তাঁর পক্ষে সাক্ষীদের জেরা করেন আইনজীবী মাহফুজুর রহমান লিখন।
সাংসদ বদি তাঁর সম্পদ বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করায় জ্ঞাত আয়বহির্ভূত এ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়।
আরও পড়ুন...
সাংসদ বদির বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরু