সাংসদ বদির বিরুদ্ধে দুদকের করা মামলা চলবে
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে কক্সবাজারের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও প্রবীর হালদার। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর দুদকের আইনজীবী সাংবাদিকদের বলেন, ১৮ নভেম্বর নিম্ন আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এই মামলা চলতে কোনো বাধা নেই। তবে আগেও এই মামলার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা ছিল না। কিন্তু হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন বিচারাধীন উল্লেখ করে বিবাদীপক্ষ সময় নিয়েছিল।
সাংসদ বদির বিরুদ্ধে এই মামলায় প্রায় ১১ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দেওয়া সম্পদের তথ্য বিবরণীতে এই তথ্য গোপন করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত বছরের ২১ আগস্ট রমনা থানায় মামলাটি করে দুদক। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে এর বিচার কার্যক্রম চলছে।