সাংসদ বদির বিরুদ্ধে দুদকের মামলায় বাদীর সাক্ষ্য শেষ
সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গতকাল বুধবার বাদীর সাক্ষ্য শেষ হয়েছে।
এই মামলার বাদী হলেন দুদকের উপপরিচালক আবদুস সোবহান। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার বাদীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য শেষে তাঁকে সাংসদ আবদুর রহমানের পক্ষে জেরা করেন আইনজীবীরা। বাদীকে আসামিপক্ষের জেরা শেষে আদালত ৯ ডিসেম্বর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত-আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। এই অভিযোগে দুদক গত বছরের ২১ আগস্ট এই মামলা করে। চলতি বছরের ৭ মে আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।