সাংসদ বদির বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার ১৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

গতকাল এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। মামলার বাদী-সাক্ষী আদালতে হাজির ছিলেন। সাংসদ বদির পক্ষে সময় চেয়ে আবেদন জানান তাঁর আইনজীবীরা। আবেদনে বলা হয়, এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা প্রয়োজন।

শুনানি শেষে আদালত ১৮ নভেম্বর পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন। ৬ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণী দাখিল করেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়।

এ অভিযোগে গত বছরের ১৪ আগস্ট রমনা থানায় দুদক মামলাটি করে। চলতি বছর সাংসদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।