সাংসদ বদির বিরুদ্ধে বাদীর সাক্ষ্য শেষ
দুর্নীতির মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে বাদীর সাক্ষ্য শেষ হয়েছে। আজ বুধবার মামলার বাদী দুদকের উপপরিচালক আবদুস সোবহানের সাক্ষ্য শেষে আবদুর রহমানের পক্ষে আইনজীবীরা তাঁকে জেরা করেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ৯ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আজ সাক্ষীকে জেরা শেষে এ তারিখ ধার্য করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কমমূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। এই অভিযোগে দুদক গত বছরের ২১ আগস্ট এ মামলা করেন। চলতি বছরের ৭ মে আবদুর রহমানকে আসামি করে অভিযোগপত্র দেয় দুদক।