সাংসদ বদির বিরুদ্ধে মেয়র প্রার্থীর এন্তার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তাঁদের একজন স্থানীয় সাংসদ আবদুর রহমান ওরফে বদির আপন চাচা। সাংসদের বিরুদ্ধে অপর প্রার্থী মোহাম্মদ ইসমাঈল তাঁর সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। জানা গেছে, টেকনাফের পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী রয়েছেন দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ ইসলাম ও চারদলীয় জোট-সমর্থিত মোহাম্মদ ইসমাঈল। এর মধ্যে স্থানীয় সাংসদ আবদুর রহমানের চাচা হলেন মোহাম্মদ ইসলাম।মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসমাঈল অভিযোগ করেছেন, মোহাম্মদ ইসলামকে জয়ী করতে সাংসদ আবদুর রহমান নির্বাচনী জনসমাবেশ ও গভীর রাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি কোনো ধরনের আচরণবিধির তোয়াক্কা করছেন না। চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী আরও বলেন, ১৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ পাউবোর মাঠে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থনে সাংসদ নিজে মিছিল নিয়ে জনসমাবেশ করেন। এ সময় টেকনাফ পৌরসভার দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জনসভার ভিডিওচিত্র ধারণ করছিলেন। তখন সাংসদ একদল উচ্ছৃঙ্খল যুবক নিয়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালান। এতে ম্যাজিস্ট্রেট আহত হন।প্রার্থী মোহাম্মদ ইসমাঈল আরও অভিযোগ করেন, ১৮ জানুয়ারি তাঁর স্ত্রী ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে গেলে সাংসদের বোনসহ কয়েকজন নারী ও পুরুষ অস্ত্র উঁচিয়ে তাঁদের ধাওয়া করেন। তাঁর পক্ষে যাঁরা নির্বাচনী কাজ করতে যাচ্ছেন, তাঁদেরই হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কর্তৃপক্ষ অভিযোগ আমলে নিচ্ছে না।টেকনাফ থানার ওসি মো. আবুল হাশেম বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। কোনো অভিযোগ নিয়ে কেউ থানায়ও আসেনি বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী যেই হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।সাংসদ আবদুর রহমান বলেন, ‘চারদলীয় জোটের প্রার্থী আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তার সবই মিথ্যা। এখানকার আইনশৃঙ্খলাসহ নির্বাচনী পরিবেশ ভালো। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পরিবেশ সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’ ভোটারদের হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছিল দেখেই তিনি ওই দিনের ঘটনার ভিডিওচিত্র ধারণ করছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার জন্য তাৎক্ষণিকভাবে ওই সভাস্থলেই উপস্থিত মেয়র পদপ্রার্থী ও আট কাউন্সিলর পদপ্রার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।