সাংসদ বদির ভয়ে জাপার প্রার্থী এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া নির্বাচনী প্রচারণার জন্য এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও সাংসদ আবদুর রহমান বদির ভয়ে তিনি নিজ এলাকায় যেতে পারছেন না বলে জানান।

আজ শুক্রবার বিকেলে (রওশন এরশাদপন্থী) তাহা ইয়াহিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘টেকনাফের শাহপরীর দ্বীপ বড়মসজিদ কবরস্থানে শায়িত দাদা নবী হোসাইনের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিল। কিন্তু সাংসদ বদি ও তাঁর সন্ত্রাসী বাহিনীর ভয়ে যেতে পারিনি।’ তিনি বলেন, ‘নিজ গ্রামের মানুষ এলাকায় যাওয়ার জন্য ফোন করছেন, অথচ আমি কক্সবাজার শহরে বসে আছি। কার সঙ্গে নির্বাচন করছি, ভেবে পাচ্ছি না।’ তাহা ইয়াহিয়া আরও বলেন, ‘এলাকায় ভোট চাইতে গেলে হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন সাংসদ বদি। গত বুধবার রাতেও বদি তাঁর বাবা শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়াকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ কারণে ভোট চাইতে এলাকায় যাওয়া নিরাপদ মনে করছি না।’

তাহা ইয়াহিয়ার বাবা মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘সাংসদ বদির প্রাণনাশের হুমকি এবং সন্ত্রাসী লেলিয়ে দিয়ে লাঙ্গল সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনাটি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে আজ ঢাকায় এসেছি। আগামীকাল শনিবার এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করা হবে। তারপর কেন্দ্রের সিদ্ধান্তে  তাহা ইয়াহিয়া ভোট চাইতে এলাকায় যাবে।’ তিনি আরও জানান, হুমকির কারণে গত বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত বুধবার রাত নয়টা ৪২ মিনিটের সময় সাংসদ বদি মুঠোফোনে ইয়াহিয়াকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, ‘তোমার ছেলেকে (তাহা ইয়াহিয়া) নির্বাচন থেকে সরিয়ে নাও। অন্যথায় বাবা-ছেলেসহ পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করা হবে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার ইয়াহিয়া কক্সবাজার সদর মডেল থানায় সাংসদ বদির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি  (জিডি) করেন।’

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, মুঠোফোনে প্রাণনাশের হুমকির  ঘটনা তদন্ত  করা হচ্ছে। 


তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাংসদ বদি বলেন, জাতীয় পার্টি প্রার্থীর সমর্থক ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিনের নেতৃত্বে স্থানীয় বিএনপি-জামায়াতের ক্যাডাররা গত বুধবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী কার্যালয় ও প্রচারণার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পরিস্থিতি অশান্ত করে। তিনি বলেন, ‘এখন দোষ চাপানো হচ্ছে আমার ওপর। আমি তো আর বাঘ না, সামনে পড়লে খেয়ে ফেলব।’   


নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, সাংসদ বদিকে ঠেকাতে তাহা ইয়াহিয়ার বাবা মোহাম্মদ ইয়াহিয়া উখিয়া-টেকনাফের বিএনপির সমর্থন লাভের জোর চেষ্টা চালাচ্ছেন। এতে সাড়াও পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কক্সবাজারের আদালতে হাজির হয়ে মোহাম্মদ ইয়াহিয়া জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে ২০১১ সালে দায়ের করা পৃথক দুটি মানহানি মামলা প্রত্যাহার করে নেন।


এর সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘ছেলে (তাহা ইয়াহিয়া) নির্বাচন করছে, ভোট দরকার। তাই মামলার নিষ্পত্তি করে ফেলেছি।’ জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনে চারবারের নির্বাচিত সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেন, সাংসদ বদি এখন উখিয়া-টেকনাফের মূর্তিমান আতঙ্ক। বিএনপি নির্বাচন না করায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাহা ইয়াহিয়া মাঠে নামলে ভোটাররা সাড়া দেবেন—এ আশঙ্কায় অনেকের ঘুম হারাম হচ্ছে। তবে তাহা ইয়াহিয়ার পক্ষে বিএনপির কর্মীরা মাঠে নামবে কি না, সময় বলে দেবে।


উখিয়া উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি নুরুল আমিন সিকদার বলেন, লাঙ্গল প্রতীক নিয়ে তাহা ইয়াহিয়া এলাকায় প্রচারণা চালালে প্রতিরোধ করা হবে। কারণ তিনি এরশাদের নির্দেশ অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।