সাংসদ বদির মুক্তির দাবিতে কয়েক শ নারীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাংসদ আবদুর রহমান বদির মুক্তির দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়কে মানববন্ধন করেছেন তাঁর সমর্থকেরা।
গতকাল শনিবার সকালে টেকনাফ পৌরসভার ফোয়ারা চত্বর থেকে উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত রাস্তার এক পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত চলা এই মানববন্ধনে পুরুষদের পাশাপাশি কয়েক শ নারীও অংশ নেন।
আবদুর রহমান কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাংসদ। গত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত সাংসদ আবদুর রহমানকে সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর সাংসদ বদিকে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরসহ আরও তিন শতাধিক নেতা-কর্মী। একপর্যায়ে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদও মানববন্ধনে যান।
‘টেকনাফের গরিব, দুঃখী, মেহনতি জনসাধারণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংসদের মুক্তির দাবিতে বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন নারীরা। এসব পোস্টারে সাংসদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া খুরশিদা বেগম, জরিনা খাতুন, মর্জিনা বেগমসহ কয়েকজন নারী দাবি করেন, সাংসদ বদি দুর্নীতিবাজ হতে পারেন না। কার আহ্বানে এ কর্মসূচিতে এসেছেন—তা জানতে চাইলে তাঁরা বলেন, ‘কেন, আমাদের কি কোন চোখ নেই? নারীরা কখন স্বামীর ঘর ছেড়ে রাস্তায় আসে, প্রিয় মানুষের কিছু হলে তাঁর জন্য।’
মানববন্ধনের বিষয়ে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ সাংবাদিকদের বলেন, এটি আওয়ামী লীগের কোনো কর্মসূচি নয়। সাংসদের মুক্তি ও সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য শত শত নারী ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংসদকে মুক্ত করা হবে—এমন আশ্বাস তিনি মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দিয়েছেন। পরে লোকজন কর্মসূচি শেষ করে বাড়ি ফিরে যান।
মানববন্ধন থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ গতকাল সকাল থেকে তৎপর ছিল বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।